spot_img

মুজিবনগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সূতিকাগার: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতিসত্তার স্বাধীন বাংলাদেশের প্রথম সূতিকাগার। যেখান থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা পরিচালনা শুরু হয়। অথচ এখনও বাংলাদেশে একটি মহল আছে যারা মুজিবনগর সরকারকে সম্মান জানায় না। মুজিবনগর দিবস তারা পালন করে না। বঙ্গবন্ধুকে সম্মান জানায় না। তারা পাকিস্তানি প্রেতাত্মাদের উত্তরসূরি। যারা বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারকে গ্রহণ করে না, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে সম্মান জানায় না, মুজিবনগর দিবস পালন করে না তারা বাংলাদেশ বিশ্বাস করে কিনা সে প্রশ্ন থেকে যায়। তারা পাকিস্তানি চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণায় বিশ্বাস করে।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানী থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার সূর্যের অভ্যুদয় হয়েছিল মুজিবনগর সরকার গঠনের মধ্য থেকে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা আলোচনা করতে গেলে প্রথমেই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের কথা আসবে। স্বাধীন বাংলা সরকার প্রথমে দেশের অভ্যন্তরে, পরবর্তীতে প্রবাসে অবস্থান নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে। দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে স্বাধীন বাংলা সরকারই ছিল আমাদের প্রথম সোপান। এই স্বাধীন বাংলা সরকারকে নস্যাৎ করার জন্য কিছু ব্যক্তির সমন্বয়ে তখন পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার ষড়যন্ত্র হয়েছিল। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার পর আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। বঙ্গবন্ধুহীন বাংলাদেশ ছিল অসম্পূর্ণ। বঙ্গবন্ধুহীন বিজয় ছিল আমাদের অসম্পূর্ণ বিজয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মাধ্যমে ঘাতকরা ভেবেছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশকে হত্যা করতে পারবে। কিন্তু বঙ্গবন্ধু অবিনাশী সত্তা। বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি বিশ্বাস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ