ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবার পুতিনকে যে তকমা দিয়েছেন তা যেন পূর্বের সবকিছুকে ছাপিয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো-কিয়েভের প্রতিনিধিরা। আর এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনায় আবারও সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রেসিডেন্ট পুতিনকে তিনি সরাসরি কুমিরের সঙ্গে তুলনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা কুমির সামলানোর সমান।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছেন, রাশিয়ার সাথে যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনা সম্ভবত ব্যর্থ হবে। বুধবার তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনা করা কুমিরের সাথে দর কষাকষির মতো।
তিনি বলেন, কীভাবে আপনি একটি কুমিরের সাথে সমঝোতা করবেন যখন আপনার একটি পা ইতোমধ্যেই তার মুখে ঢুকে গেছে!












