উদ্যোগ নিলে ভোজ্যতেল দেশে উৎপাদন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে ৫টায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিচ্ছে, তা ব্যাপকভাবে বাড়তে পারে। তার প্রভাব আমাদের ওপরে আসতে পারে। কাজেই আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।
এ সময় সংশ্লিষ্টদের দেশে ভোজ্যতেল উৎপাদনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, জিনিসপত্রের দাম বাড়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রকৃতপক্ষে সেভাবে আমাদের এখানে দাম বাড়েনি। আর জিনিসপত্রের দাম সারা বিশ্বের বেড়েছে।










