শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শুধুমাত্র বই মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার লক্ষ্য নয়। গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীকে জ্ঞানপিপাসু, কৌতুহলদ্দীপক ও জানতে আগ্রহী করে তোলে না, বরং তা মনন ও বোধে এক ধরনের দৈন্যের উদ্ভব ঘটায়, যা সামনে এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেয়।
মঙ্গলবার (১০ মে) রাতে রাজধানীর হোটেল শেরাটনে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এটি আয়োজন করা হয়েছে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীর মনে অনুসন্ধিৎসা জাগ্রত করতে হবে, পাঠ্যপুস্তকের বাইরের জগতের সৌন্দর্যকে তার সামনে মেলে ধরতে হবে, শুনতে ও শোনাতে, জানতে ও জানাতে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীকে জ্ঞানার্জনে উৎসাহী করে তুলতে হবে; যা একটি জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির দুয়ার খুলে দেবে।











