ভারত থেকে সম্প্রতি বেশকিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। নতুন করে কোনও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের ভারতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৭ মে) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত থেকে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তাদের পুশব্যাক করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদের ভারতেই পাঠিয়ে দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আমরা বলেছি।
এসময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










