spot_img

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছিলেন বঙ্গবন্ধু’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, স্বাধীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ৩৮ অনুচ্ছেদের মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছিলেন।

শুক্রবার (২৭ মে) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১২তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বলি দেওয়া হয়েছিল। সে সময় সংবিধানের ৩৮ অনুচ্ছেদ পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সব ধর্মের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার শত্রুরা এখনও শেষ হয়ে যায়নি। তাদের নতুন প্রজন্মকে রুখে দিতে হলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিজেদের সংখ্যালঘু না ভেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাদের সাথে রয়েছে বলেও এসময় জানান মন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ