পদ্মাসেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৭ মে) সকালে নিজ বাস ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেতু আটকানোর চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি এখন উদ্বোধন আটকানোর ষড়যন্ত্রে মেতে ওঠেছেন। কিন্তু তা পারবেনা উল্লেখ করে বিএনপির সকল ষড়যন্ত্র কঠোরভাবে দমন করারও হুশিয়ারী দেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে।
পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ্মাসেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে, এসত্য স্বীকার করে নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিব পদ্মাসেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ করে যাচ্ছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার।










