ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।
এক বিবৃতিতে ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, বিশ্বনবীর অবমাননা কেনাভাবেই বরদাশত করা যায় না। উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ভারতের ক্ষমতাসীন বিজেপি বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে। সাম্প্রদায়িক বিজেপি সরকার শুধু বিশ্বের জন্য নয় ভারতের জন্যও হুমকি স্বরূপ। উগ্রবাদী বিজেপি নেতাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের দুইশ কোটি মুসলমানের কলিজ্বায় আঘাত করছে। কিন্তু তারা জানে না মুসলমানদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান ও মর্যাদা তাদের জীবনের চেয়েও বেশি।
মুফতী রেজাউল করীম বলেন, নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে শাস্তি না দিলে বিশ্বব্যাপী মুসলমানের রক্তক্ষরণ বন্ধ হবে না।
তিনি বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে ভারতের ইসলামবিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমবিরোধী অবস্থান থেকে ফিরে না আসা পর্যন্ত ভারতীয় পণ্য বর্জন অব্যাহত রাখা এবং কঠোর চাপ প্রয়োগে কাজ করার আহ্বান জানান।










