রাসুল (সা.)- এর অবমাননা যেখানেই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই তবে সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈদেশিক কোনো ইস্যু নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।
তিনি বলেন আরও বলেন, আজকে যারা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা, ভাঙচুর ও ব্যানার ছিড়েছে, তারা কোন ধরনের মুসলমান আমাদের জানা আছে। প্রশাসনকে বলে যাচ্ছি, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও গ্রেপ্তার করা হবে। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।










