হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে সরকারের কোনো দায় নেই। আল্লাহ না করুক, দেশনেত্রী খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।
তিনি বলেন, খালেদা জিয়া কয়েকবার মৃত্যুর হাত থেকে চিকিৎসকদের সুচিকিৎসায় বেঁচে এসেছেন। গতকাল রাতে চিকিৎসকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে তিনি ফিরে এসেছেন। এখন উনার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা দেশে নেই। তাই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে।










