টাকার মান আবারও কমেছে। এক দিনেই ডলারের বিপরীতে ৫০ পয়সা দাম হারিয়েছে বাংলাদেশি মুদ্রা।
মঙ্গলবার (২৮ জুন) আন্তব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য ৯৩ টাকা ৪৫ পয়সা খরচ করতে হয়েছে, যা দেশে ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড।
সোমবার (২৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এদিন দাম নির্ধারিত হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা। এটাই আন্তব্যাংক দর।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশ। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। গত বছরের ৩০ জুন প্রতি ডলারের জন্য ৮৪ টাকা খরচ করতে হয়েছে। এক মাস আগে ৩০ মে লেগেছিল ৮৯ টাকা।










