নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, তারা জনশুমারি করল কিন্তু আমার কাছেই আসেনি। এখানে উপস্থিত অনেকের কাছেও যায়নি জনশুমারির টিম। ২ কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কি হতে পারে? মাথাপিছু আয় বেশি দেখানো? তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণসংহতি আন্দোলন আয়োজি্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই। মানুষের এখন এমন অবস্থা তারা আওয়ামী লীগকেও বিশ্বাস করে না। আবার, বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না। তারা বিকল্প চায়। আমরা সে চেষ্টা করছি। গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে। আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে। এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না, রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন।










