আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বপ্ন তো তারা বারবার দেখেন, গত নির্বাচনেও ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন, তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সঙ্গে জাতীয় তামাশা কিনা তা দেখা যাবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আপনাদের ইমাম কে? জনগণ তা জানতে চায়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।
তিনি বলেন, ঐক্যের নামে বিএনপি এবং তার দোসররা মূলত শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য দেশ-বিদেশে চক্রান্ত করছে, তাদের এ চক্রান্ত প্রতিরোধ এবং প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত।
বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকতে দেওয়া না দেওয়ার বিএনপি কে? ক্ষমতার উৎস এ দেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ।










