পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ড. হাছান মাহমুদ বিলাওয়াল ভুট্টোকে বঙ্গবন্ধুর কয়েকটি বই উপহার দেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ড. হাসান মাহমুদকেও কিছু বই উপহার দেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
বিকেল ৫টা ২০ মিনিটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বহনকারী চার্টার উড়োজাহাজ বিমানবন্দরে নামে। ঘণ্টাখানেক সময় অবস্থান নিয়ে ৬টার পর আবার যাত্রা শুরু করে।
পরে বুধবার রাত পৌনে ৮টার দিকে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. হাছান মাহমুদ ও বিলাওয়াল ভুট্টোর ছবি প্রকাশ করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার (৪-৬ আগস্ট) কম্বোডিয়াতে আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।
পরে বুধবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে রাত পৌনে ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম ত্যাগ করেন।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি ঢাকা সফর করেননি। বরং আনুষ্ঠানিকতা রক্ষায় পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পরে সম্মেলনের শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেন হিনা।










