পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আসিয়ানের ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন। গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এদিকে এই ঘটনায় নাখোশ হয়েছেন সরকারের জোটসঙ্গী জাসদ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল দেওয়া কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।
তারা বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির উপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।










