রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সকলকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের তিন উপজেলায় চারদিনের সফরের অংশ হিসেবে পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যাতে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।
রাষ্ট্রপতি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশ্য বলেন, হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।
রাজনীতিবিদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা জনগণ ও ভোটারদেরকে প্রশ্ন করুন আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কিনা।
রাষ্ট্রপ্রধান বলেন তাহলে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিশ্বজুড়ে পরিবেশ-বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করে হামিদ বলেন, পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: বাসস










