বিএনপি সারা দেশে আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজ সোমবার (২৯ আগস্ট) ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক ঔদার্য নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছেন, আর এই সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়ে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দার জন্য অপতৎপরতা চালাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি সরকারে থাকা অবস্থায় যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল, তেমনি বিরোধীদলে থেকে আগুন সন্ত্রাসের মাধ্যমে শত শত নিরীহ মানুষ হত্যা করেছে এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্রে মেতে উঠেছে।










