চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ৪০ বছর বয়সী ভেদু নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ভেদু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ভেদুর মৃত্যু হয়।
নিহতের স্বজন তরিকুল ইসলাম ও মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সেরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে বিএসএফের গুলিতে ভেদু মারা গেছেন। এছাড়াও গুলিতে আরও দুইজন আহত হয়েছেন।










