পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশটির উত্তরাঞ্চলে ইন্দুস নদীর পানি বেড়েই চলেছে। এতে লাখ লাখ মানুষ হয়েছে নিঃস্ব। এরই মধ্যে দেশজুড়ে বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে এ পর্যন্ত দেশটিতে বন্যায় ৪১৬ জন শিশুসহ মোট এক হাজার ২০৮ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
রেকর্ড মৌসুমি বৃষ্টিপাত ও উত্তরাঞ্চলের পাহাড় থেকে হিমবাহ গলে জলধারা হিসেবে নেমে আসায় সৃষ্টি হয়েছে এই বন্যার।
মূলত উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা বন্যাকবলিত হলেও এখন তার ভয়বহতা দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। শুক্রবার সিন্ধু প্রদেশের দাদু জেলার মানছার লেক ও জহিতে বন্যার পানি প্রবেশ করেছে।











