ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রাষ্ট্রীয় সফরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে। তবে পররাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ড. মোমেন শারীরিক অসুস্থতার কারণে সফরে যাননি।
সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধের বক্তব্য দিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। তাই তাকে এ সফর থেকে বাদ দেওয়া হয়েছে।
সূত্রে আরও জানা যায়, নিয়ম অনুযায়ী দেশের সরকার প্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সঙ্গে সফরসঙ্গী হন।
গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সফরসঙ্গী হচ্ছেন।










