“ইসলামি ও সামাজিক মূল্যবোধ” লঙ্ঘন করা হয়েছে এমন কন্টেন্ট নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ।
আরব রাষ্ট্রগুলো বলছে, ইসলামি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি কনটেন্ট সরিয়ে নিতে হবে। না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিবৃতির বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি নেটফ্লিক্স।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) নেটফ্লিক্সের নিন্দা জানায়। সেই সঙ্গে আপত্তিকর কনটেন্ট শিগগিরই সরিয়ে নেওয়ার আহ্বান জিসিসির।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার এই ছয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জোটটির পক্ষ থেকে যৌথ এক বিবৃতিতে বলা হয়েছে, নেটফ্লিক্সের অনেক কনটেন্ট ইসলাম ও সামাজিক মূল্যবোধ ও নীতিবোধ বিরোধী।
বিবৃতিতে আরও বলা হয়, নেটফ্লিক্স এমন কনটেন্ট প্রচার করছে যা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর গণমাধ্যম সংক্রান্ত বিধিরও পরিপন্থি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে জিসিসির এ বিবৃতি প্রচার করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এক নারী কর্মকর্তা বলেন, নেটফ্লিক্স হলো সমকামিতার অফিসিয়াল স্পন্সর। এ সময় টেলিভিশনে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রেটাকিওয়াস’ নামে একটি অ্যানিমেশন ছবির কিছু ক্লিপ অস্বচ্ছ করে দেখানো হয়। ছবিতে দুজন তরুণীকে পরস্পরের প্রতি প্রেম প্রকাশ ও চুম্বন করতে দেখা যায়।
এ ছাড়া আল একবারিয়া টেলিভিশনে বিতর্কিত ফরাসি চলচ্চিত্র ‘কিউটিজ’-এর কিছু ফুটেজও প্রকাশ করা হয়। এ সময় টিভি স্ক্রিনের ক্যাপশনে বলা হয়, নেটফ্লিক্স চলচ্চিত্রের আড়ালে অনৈতিক বার্তা ছড়াচ্ছে যা শিশুদের সুস্থ জীবনযাপনকে হুমকিতে ফেলছে।
লাইট ইয়ার নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্রে সমকামী দুজনের চুম্বনের দৃশ্য থাকার কারণে জুন মাসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সেটি নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে।











