পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা ও আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান ফকির নাজিরপুর থানায় ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি’র ২০০-৩০০ নেতাকর্মী অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আহত হন।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম খান জানান, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা একটি স্বাভাবিক ঘটনা।
তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা করে আবার তাদের বিরুদ্ধেই আওয়ামী লীগের লোকজন মামলা দিয়েছে।











