ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে নিজেদের রাষ্ট্রপ্রধান হিসেবে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
রোববার (১১ সেপ্টেম্বর) দেশ দুটির রাজধানীতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা যাওয়ার পর চার্লস ব্রিটিশ সাম্রাজ্যের রাজা হন।
নিউজিল্যান্ডে রাজা ঘোষণার অনুষ্ঠানটি হয় রাজধানী ওয়েলিংটনের পার্লামেন্টে। পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, এই অনুষ্ঠানে রানির পুত্র ‘মহামান্য রাজা তৃতীয় চার্লসকে আমাদের সার্বভৌম হিসেবে’ স্বীকৃতি দেওয়া হলো।











