ইউক্রেনে রুশ বাহিনীর পারফরম্যান্সের সমালোচনা করেছেন চেচেন নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত রমজান কাদিরভ। উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।
তিনি বলেন, আজ বা কাল যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন করা না হয়, তাহলে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হবো, যাতে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা যায়। আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো কৌশলবিদ নই। কিন্তু এটা পরিষ্কার যে, ভুলগুলো হয়েছে। আমি মনে করি তারা কয়েকটি উপসংহার টানবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর প্রধান ঘাঁটি ছিল খারকিভ প্রদেশের ইজিউম শহরে। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে গত ১০ সেপ্টেম্বর গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। এই ঘটনায় রুশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রমজান কাদিরভ।
১০ সেপ্টেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন প্রভাবশালী এই চেচেন রাজনীতিক। দীর্ঘ ১১ মিনিটের ভয়েস মেসেজে তিনি পরিকল্পনা অনুযায়ী রুশ বাহিনীর অগ্রসর হতে না পারার বিষয়টি স্বীকার করেন।
এই রাজনীতিক বলেন, সেখানে আমাদের লোকজন রয়েছে। যোদ্ধারা এই ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। আরও ১০ হাজার যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। নিকট ভবিষ্যতে আমরা ওডেসা পৌঁছাবো।
পূর্ব ইউক্রেনে পরাজয়ের বিষয়ে মস্কোর প্রায় সম্পূর্ণ নীরবতা, ঘাঁটিতে গোলাবারুদ রেখে রুশ বাহিনীর পালিয়ে যাওয়ার মতো ঘটনার কোনও সরকারি ব্যাখ্যা না দেওয়া রুশ জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে তুলেছে। খারকিভে লজ্জাজনক পরাজয়ের বিষয়টি সামনে আসার পর রবিবার অঞ্চলটিতে ইউক্রেনের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় মস্কো।











