রাজধানী ইসলামাবাদের একটি দায়রা জজ আদালতের বিচারক জেবা চৌধরী, ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) ও উপ মহাপরিদর্শককে (ডিআইজি) হুমকি দিয়ে মামলার মুখে পড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আরও এক দফা বেড়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান।
রয়টার্সকে তিনি বলেন, আদালত তার জামিনের মেয়াদ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছেন, সেই সঙ্গে কিছু শর্তও দিয়েছেন। জামিন টিকিয়ে রাখতে হলে সেসব শর্ত তাকে মেনে চলতে হবে।
তবে আদালত কী কী শর্ত দিয়েছেন, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি আওয়ান।











