সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি জোট গঠন এবং বিভিন্ন দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম বার্ষিক ইন্টারপা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আইজিপি বলেন, ইন্টারপা সম্মেলনে পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে ইন্টারপা প্রেসিডেন্ট ও তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ইলমাজ কোলাক এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক বক্তব্য রাখেন।
ঢাকায় অনুষ্ঠিত ইন্টারপার তিনদিনের সম্মেলনকে সফল আখ্যায়িত করে আইজিপি ড. বেনজীর আহমেদ আরও বলেন, এ সম্মেলনে সদস্য দেশসমূহের পুলিশের সক্ষমতা বাড়াতে সম্ভাব্য ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটেছে, যা সাইবার জগতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে বিশ্বব্যাপী মানুষ আজ একে অপরের সঙ্গে সংযুক্ত। সাইবার অপরাধীরা নিজ দেশের সীমানা ছাড়িয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে সাইবার জগতে অপরাধ করছে। বর্তমান বিশ্বে ডিজিটাল সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে যেভাবে অপরাধ বাড়ছে তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে উঠছে। এজন্য পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।











