spot_img
spot_img

জাপানের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নিতে কাজ করতে চান ড. মোমেন

জাপানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সুসম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপা‌ক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত ক‌রেন ড. মোমেন।

আগামীকাল মঙ্গলবার জাপানের সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাপানে অবস্থান করছেন। আজ সোমবার বিকেলে টোকিওতে পৌঁছানোর পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি ঢাকাস্থ জাপানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে সই করার জন্য ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জাপানকে বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে আরও জোর দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ