গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শনিবার (০১ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, দু’আ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আইজিপি।
এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম, আতিকুল ইসলাম, আখতারুজ্জামান, মুহাম্মাদ মাজহারুল ইসলাম, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান, মুহাম্মাদ রুহুল আমিন, হাসানুল হায়দার (এপিবিএন), বনজ কুমার মজুমদার (পিবিআই), মুহাম্মাদ শফিকুল ইসলাম (নৌপুলিশ), ড. মল্লিক ফখরুল ইসলাম (হাইওয়ে পুলিশ), ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের ৩১তম মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।











