রাজবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর লেখালেখির অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতি নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মুহাম্মাদ খোকনের স্ত্রী। তিনি =“রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা।
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর থানা পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী জেলা পুলিশের এক পরিদর্শক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার স্বামী মুহাম্মাদ খোকন আহম্মেদ একজন প্রবাসী।
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করিবার লক্ষ্যে উল্লেখিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকার ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম/ডিজিটাল মাধ্যমে প্রচার করেন।











