ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নানাবিদ সঙ্কট ক্রমেই ঘোলাটে হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সংকটে জর্জরিত। আধা পেট খেয়ে থাকছেন অনেকে। কিন্তু দুর্নীতি, লুটেরাদের দাপট কমছে না। বিদেশে পাচারের টাকা ফেরত আনা হচ্ছে না। খেলাপী ঋণের পরিমাণ বেড়েই চলেছে। এর মধ্যে চিনি নিয়ে তেলেসমাতি চলছে নতুনভাবে।
আজ রবিবার (২৩ অক্টোবর) বিকেলে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শাখারর উদ্যোগে ফুলবাড়ী মাইক্রোস্ট্যান্ডে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা সংকোচন নীতি বাতিল, দুর্নীতি ও দুঃশাসনের অবসান করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, সিলেবাস থেকে কৌশলে ইসলামী শিক্ষাকে বিদায়ের নানামুখি আয়োজন সম্পন্ন করেছে বর্তমান শিক্ষামন্ত্রী। তিনি ভারতের সিলেবাসের মত করে ইসলামী শিক্ষাকে নামে রেখে পাবলিক পরীক্ষা থেকে বাদ দিয়েছেন। তার মানে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মত অবস্থা। ডারউইনের নাস্তিক্যবাদি মতবাদ সিলেবাসে অন্তর্ভূক্ত করে কোমলমতি মুসলিম শিশুদের নাস্তিক্যবাদে ধাবিত করার চক্রান্ত চলছে।
তিনি বলেন, জনগণকে দুর্ভিক্ষের ভয় দেখানো হচ্ছে। এ কথায় লুটেরারা লুটপাটের আরও সুযোগ নেবে। দেশে পণ্যের অভাব নেই। দেশের কৃষক উৎপাদন বাড়াতে প্রস্তুত, তাদের যথাযত সহায়তা দিন। আর উৎপাদিত ও নিত্যপণ্যের সুষম বণ্টন নিশ্চিত করুন। তাহলে সংকট দূর হয়ে যাবে।










