চলতি বছরে তুরস্ক ও ইরান থেকে ২ লাখ ৪০ হাজার আফগান শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের সূত্রে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, গত ছয় মাসে প্রায় ২ লাখ ৪০ হাজার আফগানকে তেহরান থেকে ফেরত পাঠানো হয়েছে। ইরান থেকে বিতাড়িত আফগানদের সড়কপথে নিমরোজে ফেরত পাঠানো হয়। নিমরোজ আফগানিস্তানের একটি বৃহত্তর মরুভূমি প্রদেশ।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন ব্যবস্থাপনা দফতরের মতে, গত মাসে অন্তত ৯২ হাজার ৫৮৩ জন অবৈধ আফগান অভিবাসী তুরস্কে প্রবেশ করেছে। এর মধ্যে ৫৭ হাজার ১৭৪ জনকে চার্টার্ড এবং নির্ধারিত ফ্লাইটে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। তুরস্কের কর্মকর্তারা বলছেন এটি (অবৈধভাবে আফগানদের তুরস্কে আসা) আগের বছরের তুলনায় ২১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কে আফগান শরণার্থীদের নিয়ে কাজ করা আলি হেকমত জানিয়েছেন, আফগান অভিবাসীদের মধ্যে অনেকেই সাবেক সৈনিক বা সাবেক সরকারের কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পরপরই মার্কিন পন্থী সাবেক আফগান সরকারের সমস্ত প্রাক্তন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তারপরেও সাবেক সরকারের কর্মকর্তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন।
সূত্র : মিডল ইস্ট আই











