বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের নানা উস্কানিমূলক বক্তব্যই বলছিল এমন ঘটনা ঘটবে। এটি শুধু বিএনপির ওপর আঘাত নয়, দেশ ও গণতন্ত্রের ওপর আঘাত। সরকার পরিকল্পিতভাবেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, অন্যায় ও পাশবিকভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাদের আটক করা হয়েছে। আজ প্রায় ছয় শতাধিক নেতাকর্মী আটক হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই ব্যাগে করে বিস্ফোরক এনে রেখেছে। উল্টো এখন মিথ্যা তথ্য দিচ্ছে।
তিনি বলেন, তারা সব ডকুমেন্ট নিয়ে গিয়েছে। এছাড়া লাইট এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা ঘটতে পারে না।










