বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
শুক্রবার (৯ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো এক যৌথ বিবৃতিতে পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, হামলা-মামলা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছে।
রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে সরকার গণ মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে, এটা মেনে যায় না।
নেতৃদ্বয় বলেন, বিএনপি এবং সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার পূর্ণ অধিকার দিতে হবে। নইলে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা কোন সচেতন মানুষ মেনে নিতে পারে না।
নেতৃদ্বয় আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কারাবন্দী আলেম-উলামাগণকে মুক্তি দিয়ে গণতান্ত্রিক আচরণ করে দেশকে এগিয়ে নিতে সরকারকে আহবান জানান। নইলে যে কোন অরাজক পরিস্থিতির জন্য সরকার কে দায়ী থাকতে হবে বলেও নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।










