গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার খেলার কথা বলে ফাউল খেলছে। এভাবে ফাউল খেললে জনগণ প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে মাঠ থেকে বের করে দিবে। এ সরকার কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। বিএনপির মতো একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা একটা উদার দলের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতাদের হয়রানিও গ্রেপ্তার থেকে রেহাই দিচ্ছে না।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে পল্টনে জামান টাওয়ারের নিচে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, হামলা-মামলা করে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। নেতারা গ্রেপ্তার হলে মিছিলের শেষ কর্মী আন্দোলনের নেতৃত্ব দেবে। সরকার জনগণকে ভয় দেখাতে রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগ দাঁড় করিয়ে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা থাকলে, এভাবে দলীয় কর্মীদের মাঠে নামাত না।










