বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। মাঠের আশেপাশের এলাকায়ও নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতাকর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।
রাজধানীর গোলাপবাগে মাঠে শনিবার ভোর থেকে যেন মিছিলের স্রোত ঢুকছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।
বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসেছে সমাবেশে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়দাবাদ রাস্তা বন্ধ হয়ে গেছে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মী নিহত এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে বিএনপির গণসমাবেশের অংশ হিসেবে আজ শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
আজকের সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।










