পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।
আজ রোববার (১১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান আইজিপি।
আইজিপি বলেন, আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞান নির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আপনাদের তৈরি থাকতে হবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্য প্রযুক্তিসহ অন্যান্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবেলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।











