পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াই একমাত্র দায়ী। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনেও বাজওয়ার হাত রয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৯ ডিসেম্বর) লাহোরের জামান পার্কে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইমরান খান বলেন, পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন বাজওয়া। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান থাকা সত্ত্বেও বাজওয়া দুর্নীতির মামলায় অভিযুক্তদের রেহাই দিতে চেয়েছিলেন।
ইমরান খান আরও বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানের শুরুর দিকে বাজওয়া তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেননি। কিন্তু পরে এ ধরনের অভিযান নিয়ে লেগে না থেকে তাঁকে দেশের অর্থনীতির ওপর জোর দিতে বলেন বাজওয়া।
তিনি বলেন, পিটিআই সরকার অপসারণের সঙ্গে যুক্তরাষ্ট্র কতটা জড়িত ছিল, তা তিনি বলতে পারবেন না। তবে তিনি এ ঘটনার তদন্ত দাবি করেছেন।











