ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের সার্বিক অবস্থা ক্রমেই ভয়াবহতার দিকে এগুচ্ছে। বিরোধী দল ও মতকে উপেক্ষা করে সরকার নিজেদের টিকিয়ে রাখতে ব্যস্ত। মানুষের মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের অর্থনীতি নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করলেও মানুষ অধিকার বঞ্চিত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া ও আলীয়া শাখার যৌথ উদ্যোগে সৌদি আরবের মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় হাফেজ মাওলানা ড. সৈয়দ মাবরুক বিল্লাহ-এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বাঙালী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মেরামতের প্রসঙ্গে নীতিমালা হিসেবে ইসলামকে ভিত্তি না ধরলে দেশ আবারো পথ হারাবে। ইসলামকে উপেক্ষা করে কখনো দেশ ও ইসলামের উপকারে আসবে না।
তিনি বলেন, রাষ্ট্র মেরামতের রুপরেখা নিয়ে অতীতে ক্ষমতার স্বাদ নেয়া বর্তমান বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং তারা একটি ঘোষণা দিয়েছেন, এজন্য ধন্যবাদ যোগ্য। আমরা বিশ্বাস করতে চাই এই রুপরেখা প্রস্তাবনা নিছকই রাজনৈতিক বক্তব্য না বরং দৃঢ় সদিচ্ছার প্রতিফলন।
তিনি আরও বলেন, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করিয়ে দিতে চায় যে, বাঙালী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মেরামতের প্রসঙ্গে নীতিমালা হিসেবে ইসলামকে ভিত্তি না ধরলে দেশ আবারো পথ হারাবে।










