ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেসতোভিচ জানিয়েছেন, ইউক্রেনজুড়ে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে— কিয়েভ, জিতোমির এবং ওদেসায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দিনিপ্রো ও ওদেসা অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মস্কোর দাবি, ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ।
রয়টার্স বলছে, বুধবার খেরসনের একটি মাতৃসদনেও হামলা করেছে রাশিয়া। যদিও এতে কেউ হতাহত হয়নি।
সূত্র: রয়টার্স












