প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
শুক্রবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, চলতি বছর নতুন করে ১৫ লাখ লোক বিদেশে পাঠানোর প্রত্যাশা করছে সরকার। আমাদের শ্রম বাজার সম্প্রসারিত হচ্ছে। এতে প্রবাসীদের আয় বাড়বে, চীনে বড় শ্রম বাজার সৃষ্টি হচ্ছে। এছাড়া রোমানিয়া, গ্রিস, ইটালিতে এখন অনেক লোক যাচ্ছে। লিবিয়াতেও লোক পাঠানোর চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আগামী জুন মাসের মধ্যে রেমিটেন্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ওই সময় করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। এছাড়া যারা বিদেশে ছিলেন তাদের কোন কাজকর্ম না থাকার কারণে রেমিটেন্সেরও পরিমাণ কমে যায়। এখন আবারও প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিটেন্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে।











