রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
শনিবার (৭ জানু্যারি) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এন এন বালক উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে তিন হাজার গরীব ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম সুজন বলেন, দেশের সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের অধীনে আনায়, তাদের জীবন-মান উন্নয়ন হয়েছে। সরকার কৃষকদের বিভিন্নভাবে ভর্তুকি প্রদান করছে। তাদের মধ্যে বিনামূল্যে আধুনিক প্রযুক্তি, সার-বীজসহ নানা কৃষি উপকরণ বিতরণ করছে। এতে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ব্রিটিশ আমলে যে রেলপথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই রূটগুলোকে আবারো চালু করা হবে। ঢাকার সঙ্গে দেশের প্রতিটি জেলার রেল যোগাযোগ স্থাপন করা হবে এবং এ রেলপথগুলোকে আরো আরামদায়ক ও উন্নত করা হবে।
সূত্র: বাসস











