পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পুলিশ সদস্যরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেন, ঠিক সেইভাবে সাংবাদিকরাও জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তারা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাস্তব উদাহরণ হলো ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশের সঙ্গে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, করোনা মহামারির সময় যখন সবাই ঘরের মধ্যে, ঠিক তখন পুলিশ ও সাংবাদিক বাইরে থেকে দেশের জন্য কাজ করে গেছেন। এ সময় অনেক পুলিশ ও সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছিলেন।
তিনি বলেন, আমরা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।











