spot_img

মুসলমানদের সাথে বৈষম্যমূলক আচরণ অগ্রহণযোগ্য : মাওলানা আরশাদ মাদানী

ভারতীয় মুসলমান কিংবা যেকোনো নাগরিকের সাথে বেইনসাফি ও বৈষম্যমূলক আচরণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি।

তিনি বলেন, দেশে একদিকে ধর্মীয় উগ্রবাদের ইন্ধন দেওয়া হচ্ছে এবং জনগণের মস্তিস্কে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়ার কুৎসিত সিলসিলা খুব জোরালোভাবে অব্যাহত রয়েছে। অপরদিকে শিক্ষা ও রাজনীতিতে মুসলমানদের কোণঠাসা করতে মারাত্মক পরিকল্পনা শুরু হয়েছে। ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে জনগণকে বিভক্ত করার এই খেলা দেশকে ধ্বংস করবে।

রোববার (৮ জানুয়ারি) নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, বিগত কয়েক বছর দেশের অর্থনীতি খুবই দুর্বল এবং বেকার সমস্যাও আরো প্রকট হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ক্ষমতাসীনরা উন্নয়নের ঢোল পেটাচ্ছে এবং এই অস্থির পরিবেশে পক্ষপাতদুষ্ট মিডিয়া তাদের খেলায় সঙ্গ দিচ্ছে।

তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে জনগণকে বিভক্ত করার এই খেলা দেশের ধ্বংস ডেকে আনবে। ধর্ম ইস্যুর পর্দা দিয়ে দেশের প্রকৃত পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি বেশিদিন আবৃত করে রাখা যাবে না।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, রুটি-কাপড়-বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। সরকার যদি রাজনৈতিক ঘৃণার বদলে বেকার সমস্যা দূর করণে মনোযোগী না হয় এবং শিক্ষিত যুবকদের চাকরি না দেয়- তাহলে সেই দিন বেশি দূরে নয়- যেদিন জাতির শ্রেষ্ঠ এ সন্তানেরা প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসবে।

সূত্র : কওমি আওয়াজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ