ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেত না।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে লক্ষ্য, নীতি, আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেটা ভূলণ্ঠিত হবে, যদি সাম্প্রদায়িকতা বাংলাদেশে আবার মাথা চড়া দিয়ে ওঠে, তাহলে মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেত না। বঙ্গবন্ধু যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা না রাখতেন, তাকে যদি আমরা ফিরে না পেতাম, তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেত না। বাঙালি জাতি খুবই ভাগ্যবান যে, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও দেশবিরোধী শক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের মাঝে ফিরে এসেছিলেন।











