রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার রক্ষার্থে ও বাংলাদেশের পরিবেশগত দিক বিবেচনায় তাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসন জরুরি।
সোমবার (১৬ জানুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুরস্কের স্টল অত্যন্ত আকর্ষণীয় উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দুইদেশের মধ্যে সংসদীয় সম্পর্কের অধিকতর উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বৃদ্ধি জরুরি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এদেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার।











