স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে মানুষের গড় আয়ু বেড়েছে। মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর হয়েছে। এটা জাদু না, কাজ করার ফলেই হয়েছে। আমারা চিকিৎসা খাতে কাজ করছি, তাই মানুষের গড় আয়ু বেড়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসের (ওসেক) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জেলা হাসপাতালে ওয়ানস্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করা হবে। এরই মধ্যে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে এটি চালু করা হয়েছে। বাকি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিগগিরই চালু করা হবে।
তিনি বলেন, একটি হাসপাতালে সেবার মান নিশ্চিতের জন্য ওসেক খুবই জরুরি, যা এরই মধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
তিনি আরও বলেন, ওসেক চালু হলে হাসপাতালগুলোতে ৫০ শতাংশ মৃত্যু কমে যাবে। ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে। এতে করে ইনডোরের রোগীর চাপ কমে যাবে। বেশি মানুষ সেবা পাবে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ কমে আসবে।











