পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তবে বায়ু দূষণের কারণে বজ্রপাত বৃদ্ধি পাওয়া সংক্রান্ত কোনো গবেষণালব্ধ ফলাফল এখনও পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, যেহেতু বর্তমানে বায়ু দূষণ বাংলাদেশের একটি অন্যতম পরিবেশগত সমস্যা সেহেতু সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ জারি করেছে। এই বিধিমালা বাস্তবায়নসহ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। এ সময় তিনি বায়ু দূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।











