spot_img
spot_img

আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে চলে : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে চলে বলে দাবি করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, শুধু রিলিফের সময় নয়, রোজা, ঈদসহ সব সময় প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। আজকের এই কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। দলকে দিন দিন এগিয়ে নিয়ে যাচ্ছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) লালবাগ শহীদনগর খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। আজকে আওয়ামী লীগের ক্ষমতা আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনো তারা জনগণের কাছ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের পাশে থাকে।

তিনি বলেন, মা-বোনেরা যদি উৎসাহ না দেন, বাড়িতে তারা সহযোগী না হলে আমার ভাইয়েরা, চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান-খয়রাত করতে উৎসাহিত করেছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, একদিকে রাসুল পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তাঁর অনুসারী। আমরা সবাই মিলে দেশটাকে, একে-অপরকে সাহায্য করতে পারি। সহযোগিতা করতে পারি। হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ