বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শিগগিরই জয়ী হবে বিএনপি। দ্রুত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষেপুষ্পার্ঘ অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সমগ্র জাতি আবারও অন্ধকারে নিমজ্জিত। আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।
জিয়াউর রহমান দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, জিয়া ক্ষণজন্মা মানুষ ছিলেন। স্বাধীনতাযুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। জাতি যখন নেতৃত্বশূন্য ছিল, তখন জিয়া সামনে এগিয়ে আসেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।










