বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে বিরোধী দলকে রাজনীতি করতে বাধা দেওয়া হচ্ছে। গণতন্ত্রের বাহন যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। যেটা অগণতান্ত্রিক কার্যকলাপের একটা অংশ। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্যই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশনে অনুগতদের বসানো হয়েছে, যাতে নির্বাচনে জেতা যায় জনগণের ভোট ছাড়া। কিন্তু বার বার এটা হতে দেওয়া যাবে না। গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয় চত্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সেই দল করি, যে দল কখনো গণতন্ত্র হরণ করেনি। বরং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। আমরা কখনো সামরিক শাসন বা জরুরি অবস্থা জারি করি নাই, বরং প্রত্যাহার করেছি।
তিনি আরও বলেন, সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে। আজকে দেশের এই সংকট মুহূর্তে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। ক্ষমতাসীন সরকারের এক দলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে গোটা জাতি জেগে উঠেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেই আমরা ঘরে ফিরবো।










